← মূল পেজে ফিরে যান
২০২৬ সালে এশিয়ার শীর্ষ ১০ ধনী দেশের তালিকা
রিপোর্টার: জুনায়েদ আল হাবীব |
প্রকাশিত: 08 Sep 2026, 11:48 PM |
ক্যাটাগরি: অন্যান্য
পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এই মহাদেশে। শুধু জনসংখ্যা নয়, অর্থনীতির দিক থেকেও এশিয়ার গুরুত্ব বিশাল। বিশ্বের সবচেয়ে বড় কিছু অর্থনীতি, প্রযুক্তি প্রতিষ্ঠান, তেল-গ্যাস সমৃদ্ধ রাষ্ট্র এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র—সবই এই মহাদেশে রয়েছে।
কিন্তু এশিয়ার ৪৮টি দেশের মধ্যে কোনগুলো সবচেয়ে ধনী? আজকের তালিকায় আমরা দেখব ২০২৬ সালে মাথাপিছু জিডিপি এবং ক্রয়ক্ষমতার পার্থ্য বিবেচনায় এশিয়ার শীর্ষ ১০ ধনী দেশ।
দশ নম্বরে রয়েছে বাহরাইন। পারস্য উপসাগরের ছোট এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি একসময় মূলত তেলনির্ভর ছিল। বর্তমানে ব্যাংকিং, আর্থিক সেবা, অ্যালুমিনিয়াম শিল্প, পর্যটন ও বাণিজ্যও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোট আয়তনের দেশ হলেও উচ্চ মাথাপিছু আয়ের কারণে বাহরাইন এশিয়ার ধনী দেশগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।
নবম অবস্থানে ওমান। বিশাল মরুভূমি আর দীর্ঘ সমুদ্র উপকূলের এই দেশের অর্থনীতির প্রধান ভিত্তি তেল ও গ্যাস। তবে সাম্প্রতিক বছরগুলোতে বন্দর, পর্যটন, মৎস্য, খনিজ ও লজিস্টিকস খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে ওমান। হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান দেশটির জন্য যেমন কৌশলগত সুবিধা, তেমনি আঞ্চলিক উত্তেজনার সময় ঝুঁকিও তৈরি করে।
অষ্টম স্থানে ব্রুনেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই দেশটির জনসংখ্যা খুবই কম, কিন্তু তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্পদ রয়েছে। জ্বালানি রপ্তানি থেকেই দেশটির আয়ের বড় অংশ আসে। উচ্চ মাথাপিছু আয়ের কারণে ছোট দেশ ব্রুনেই বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর মধ্যেও পরিচিত।
সপ্তম স্থানে রয়েছে সৌদি আরব। বিশাল ভূখণ্ড, বিপুল তেলসম্পদ এবং মধ্যপ্রাচ্যের অন্যতম বড় অর্থনীতি সৌদিকে বিশেষ অবস্থানে রেখেছে। তবে এখন দেশটি শুধু তেলের ওপর নির্ভর করতে চাইছে না। পর্যটন, প্রযুক্তি, নির্মাণ, পরিবহন ও বিনোদন খাতে বড় বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টা চলছে।
ষষ্ঠ স্থানে জাপান। প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও প্রযুক্তি, শিল্প উৎপাদন, গাড়ি, ইলেকট্রনিক্স, রোবট এবং উন্নত যন্ত্রপাতির কারণে জাপান বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি। টোকিওসহ দেশটির বড় শহরগুলো আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র।
পঞ্চম অবস্থানে দক্ষিণ কোরিয়া। স্যামসাং, এলজি ও হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত কোম্পানির দেশটি সেমিকন্ডাক্টর, গাড়ি, জাহাজ নির্মাণ, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য রপ্তানিতে শক্তিশালী। সীমিত ভূখণ্ডের মধ্যেও শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে।
চতুর্থ স্থানে কাতার। ছোট আয়তনের এই দেশটির সবচেয়ে বড় শক্তি প্রাকৃতিক গ্যাস। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG রপ্তানির কারণে কাতার বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। এর পাশাপাশি বিমান পরিবহন, পর্যটন, নির্মাণ ও আর্থিক সেবাও অর্থনীতিকে শক্তিশালী করছে।
তৃতীয় স্থানে ইসরায়েল। দেশটির অর্থনীতির অন্যতম বড় শক্তি প্রযুক্তি ও গবেষণা। সফটওয়্যার, সাইবার নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, ওষুধ এবং উদ্ভাবনভিত্তিক শিল্পে ইসরায়েলের শক্তিশালী অবস্থান রয়েছে।
দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। তেল ও গ্যাসের পাশাপাশি দুবাই ও আবুধাবিকে কেন্দ্র করে বাণিজ্য, পর্যটন, বিমান পরিবহন, রিয়েল এস্টেট, ব্যাংকিং ও আন্তর্জাতিক ব্যবসার বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে দেশটি।
আর এশিয়ার সবচেয়ে ধনী দেশ হিসেবে রয়েছে সিঙ্গাপুর। প্রাকৃতিক সম্পদ প্রায় নেই বললেই চলে, কিন্তু দক্ষ প্রশাসন, উন্নত অবকাঠামো, আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং, প্রযুক্তি এবং বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর সিঙ্গাপুরকে এশিয়ার অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে।
এই তালিকা আমাদের একটি বিষয় পরিষ্কার করে—একটি দেশের ধনী হওয়ার পেছনে শুধু তেল বা প্রাকৃতিক সম্পদই নয়, প্রযুক্তি, বাণিজ্য, দক্ষ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে কোন দেশ সবচেয়ে দ্রুত এগিয়ে যাবে, সেটিই এখন দেখার বিষয়।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: