← মূল পেজে ফিরে যান
দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও কেন এলপিজি আমদানি করতে ব্যর্থ বিপিসি?
রিপোর্টার: আরাফাত শিমান্ত |
প্রকাশিত: 05 Sep 2026, 11:39 AM |
ক্যাটাগরি: অর্থনীতি ও ব্যবসা
দেশের এলপিজি বাজারে বেসরকারি খাতের একাধিপত্য কমিয়ে সংকটকালে সরকারিভাবে বাজার নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করতে চলতি বছরের জানুয়ারিতে সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কিন্তু দীর্ঘ সাত মাসেও নিয়মিত দরপত্রের মাধ্যমে কোনো গ্রহণযোগ্য সরবরাহকারী প্রতিষ্ঠান না পাওয়ায় সংস্থাটি এক টন এলপিজিও আমদানি করতে পারেনি। বর্তমানে দেশে এলপিজির বাজারে সরকারের অংশ নামমাত্র ১.৩৩ শতাংশ হওয়ায় রান্নার গ্যাসের পুরো নিয়ন্ত্রণই মূলত বেসরকারি অপারেটরদের হাতে রয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত পাঁচ দফায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও অতিরিক্ত প্রিমিয়াম বা উচ্চ দামের কারণে কোনো সাড়া মেলেনি। পরে বাধ্য হয়ে সরাসরি ক্রয়পদ্ধতিতে ‘স্পিড মার্কেটিং করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে পাঁচ হাজার টন এলপিজি আমদানির উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানটি জামানত জমা দিলেও ঋণপত্র খোলা ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই গ্যাস কবে নাগাদ দেশে পৌঁছাবে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে পারছে না বিপিসি।
জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু একবার বা নামমাত্র এলপিজি আমদানি করলেই বাজারে সরকারের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য বিপিসির নিজস্ব অবকাঠামো ও অঙ্গপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে নিয়মিত আমদানির ধারা বজায় রাখতে হবে। একইসঙ্গে চট্টগ্রাম ও মোংলায় প্রস্তাবিত এলপিজি প্ল্যান্টগুলোর কাজ দ্রুত শেষ করা গেলে বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারাও গ্যাস সংকটের চরম ভোগান্তি থেকে রক্ষা পাবেন।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: