← মূল পেজে ফিরে যান
এভারেস্টের বরফ গলানোর পেছনে কি দায়ী পর্বতারোহীদের রেখে যাওয়া প্রস্রাব?
রিপোর্টার: আরাফাত শিমান্ত |
প্রকাশিত: 04 Sep 2026, 09:42 PM |
ক্যাটাগরি: আবহাওয়া ও পরিবেশ
মাউন্ট এভারেস্টের বেজ ক্যাম্পে জড়ো হওয়া হাজার হাজার পর্বতারোহীর পোড়ানো জ্বালানি এবং সরাসরি বরফের ওপর ত্যাগ করা মূত্রের কারণে প্রতি বছর প্রায় আড়াই হাজার টন বরফ ও তুষার গলে যাচ্ছে। ‘রিজিওনাল এনভায়রনমেন্টাল চেঞ্জ’ নামক জার্নালে প্রকাশিত আন্তর্জাতিক গবেষকদের এক নতুন গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খুম্বু হিমবাহের ওপর অবস্থিত এই বেজ ক্যাম্পে বসন্ত মৌসুমে এসপ্রেসো মেশিন, ইন্টারনেট ও তাঁবু গরম রাখার জন্য বিপুল পরিমাণ এলপিজি, কেরোসিন ও পেট্রোল পোড়ানো হয়।
গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালের বসন্তের মাত্র ৫০ দিনে ব্যবহৃত জ্বালানি এবং দৈনিক প্রায় ছয় হাজার লিটার মানুষের প্রস্রাবের উষ্ণতা মিলে মোট প্রায় সাড়ে আট লাখ মেগাজুল তাপশক্তি উৎপন্ন করেছে। এর মধ্যে শুধু প্রস্রাবের তাবেই প্রায় ১৫৪ টন বরফ গলে যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত তিন দশকে ক্যাম্প এলাকার ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রতি বছর গড়ে ০.২৮ ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে, যা আশপাশের স্বাভাবিক হারের তুলনায় প্রায় দ্বিগুণ।
মূলত জলবায়ু পরিবর্তনকেই হিমবাহ গলার প্রধান কারণ হিসেবে দায়ী করা হলেও, হিমবাহের ওপরে বছরের পর বছর ধরে চলা এই মানুষের অতিরিক্ত ভিড় পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। হিমবাহ রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে এভারেস্টের বেজ ক্যাম্পটি বরফের ওপর থেকে সরিয়ে কাছাকাছি কোনো স্থিতিশীল এলাকায় স্থানান্তরের জোর সুপারিশ করেছেন গবেষকরা।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: