← মূল পেজে ফিরে যান

এক রাতেই নিঃস্ব মৎস্যচাষি, যশোরে কোটি টাকার মাছের মড়ক

রিপোর্টার: মুরসালিন ইসলাম | প্রকাশিত: 24 Aug 2026, 05:38 AM | ক্যাটাগরি: NATIONAL
News Image
এক রাতেই যেন শেষ হয়ে গেল বছরের পর বছর ধরে গড়ে তোলা একটি স্বপ্ন। পানিতে যেখানে থাকার কথা ছিল কোটি কোটি টাকার মাছ, সেখানে এখন শুধু ভেসে উঠছে মৃত মাছ। চারদিকে মাছ পচে ছড়াচ্ছে দুর্গন্ধ, আর পাড়ে দাঁড়িয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মৎস্যচাষিরা। ঘটনাটি যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর-সোনামুখো বিলের এ এফ মৎস্য খামারে। রাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাছের ঘেরে অক্সিজেন সরবরাহের যন্ত্র বন্ধ হয়ে যায়। এর সঙ্গে বৈরী আবহাওয়া যোগ হওয়ায় পানিতে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় মাছের মড়ক। সকাল হতেই ঘেরের পানিতে ভেসে ওঠে বিপুল পরিমাণ পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। প্রায় ২০০ বিঘা ঘেরে চাষ করা হয়েছিল প্রায় ৬০ লাখ পাবদা মাছ। মাছগুলোর বড় একটি অংশ তখন বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। খামার মালিকদের হিসাবে, প্রায় ১০ হাজার মণ পাবদা মাছসহ অন্যান্য মাছ মারা গেছে। তাদের দাবি, এতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকা। এক রাতের এই ঘটনায় শুধু দুই উদ্যোক্তারই নয়, খামারের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় একশ পরিবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে খামার মালিকরা জানিয়েছেন। বছরের পর বছর পরিশ্রম, কোটি টাকার বিনিয়োগ—সবকিছু চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য সত্যিই হৃদয়বিদারক। ঘটনার সঠিক কারণ তদন্ত করে বের করা হোক, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হোক এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াক প্রশাসন। এক রাতের বিদ্যুৎ বিভ্রাট, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ—এই প্রশ্নের উত্তর এখন খুঁজছে সংশ্লিষ্টরা।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন